জিরো বাউন্ডারি কবিতার সপ্তম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট সেপ্টেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

রণজিত্ পাণ্ডে



বোধ


দাঁতের পিছনে জিভ থাকলে  তাদের  বিশ্বাস করবে  
                         
একথা  কারা শিখিয়েছিল  ঠিক মনে নেই
তবে মুখে প্রতিশ্রুতি না থাকলে যে সাবালক মানায় না
                                       এটা উপলব্ধির বিষয়

ট্রেনের সঙ্গে পাকস্থলীর যে সম্পর্ক 
  তা যেমন স্পষ্ট হয় হকারদের হাঁকে

সেভাবেই রাজনীতিক ঈগলদের উড়ে চলা অহংকারেই
                                মর্মান্তিক মৃত্যুমিছিল

তবুও
      এই বোধ  থেকে যদি জ্যামিতিক রূপরেখায়
                    স্বচ্ছ কোন ছবি উঠে আসত
তবে সেভেন পাশ সব্জিওয়ালা যে মন্ত্রী হতে পারে 
   এমনটা সে ভাবতেই পারত না

আর আমি যদি প্যাসেঞ্জার না হয়ে অ্যাসিস্টেন্ট হতাম
          এক সেকেন্ড   বিলম্ব  না করেই  থাবা বসাতাম      

কারণ দুরন্ত গতিতেই  আমরা ছুটে চলেছি নরকের মধ্যে 
       এবং  সেখানে যে একটি সিগারেট জ্বলছিল
                       সেটা  আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম 





পড়ে থাক তবুও


ভিতর থেকেই বন্ধ থাকত সদর দরজা
কেননা
          উল্টো দিকটায় অন্ধকার গভীর হলে 
                কুকুরগুলো তেড়ে আসত

যখন তলা দিয়ে আলো দেখা যেত
   ইচ্ছে করেই ছিটকিনিটা খুলে দিতাম
এবং লক্ষ্য করতাম-
      মোরগ ডাকার প্রথম শব্দে যে ব্যক্তির ঘুম ভেঙে ছিল
সেই আজ  
    কুকুরগুলোকে মোরগেরই হাড় খাওয়াচ্ছে

এটা কার পক্ষে অস্বাস্থ্যকর
              বোঝার আগেই
গোপন ট্রাঙ্কটার দিকে নজর গেল
এবং
যে সামগ্রীগুলো  ক্ষমতা ধরতে শক্তি জুগিয়েছিল
                 অথবা  ক্ষমা করতে
সেখানে হাত লাগাতে ইচ্ছেই করল না
কারণ 
      আমি তখন দুই পৃথিবীর মাঝামাঝি আটকে ছিলাম







No comments:

Post a Comment