জিরো বাউন্ডারি কবিতার সপ্তম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট সেপ্টেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

রুমা ঢ্যাং অধিকারী



বৃষের কামের ফলে যে বৃষ্টির সৃষ্টি তার বিন্দুতেই বিশ্বের সিন্ধু স্থাপিত। বৃষ্টি নিয়ে কোন একটা আর্টিকেল পড়ে এই লাইনটাই লিখেছিলাম এক সম্পাদকীয় কলামে দুবছর আগে। আজ বৃষ্টিভেজা শ্রাবণদুপুরে এই লাইনটাই কেন জানি না বারবার মনে আসছে। আর এমন বর্ষারদিনে ফেসবুক আর হোয়াটস অ্যাপ এক বন্যায় আকণ্ঠ ডুবে।  প্রায় প্রতিটা স্ট্যাটাসেই বন্ধুত্বসুলভ আঁকাব্যাঁকা নিজেদের ছবি আর পোস্ট দেখে মনে মনে এইটুকু একবার আউড়ে নেওয়া যায় বাঙালী তার চিরায়ত স্বভাবের থেকে একটুও বদলায়নি যতই তার পরিবর্তিত রহনসহনে অভিযোজিত হতে থাকুক না কেন। শ্রাবণের নিউস হেডলাইনগুলোয় দুদিনের গঙ্গার ভাঙন ইস্যুর মতই এগুলো আসে যায়। আর বাঙালী খেয়েপরে কোমর দোলায়। ওই আবার কোমর দোলানোর কথায় সদ্য উদ্ভুত কিটি চ্যালেঞ্জ এসে গেল। শুনেছেন নিশ্চয় চলন্ত গাড়ি থেকে নেমে সম্পূর্ণ একটা জীবনকে বাজী রেখে ড্রেকের "In My Feeling" গানের সাথে নেচে যাওয়াটাই হল এই চ্যালেঞ্জ যেটা সোশ্যাল মিডিয়া স্টার Shiggy এবং তারপরেই Odell Beckham jr.এর হাত ধরে শুরু হয়ে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী আর একে থামানোর জন্য পুলিশের এক বাড়তি কাজও শুরু হয়েছে বলা যায়। যদিও এইসব সোশ্যাল হৈচৈ খবরের মাঝে সেই দাঁড়িওয়ালা ৫৯ বছরের আব্দুল মোতলেবের জাতীয় নাগরিক পঞ্জিকাহীন হওয়ার চিন্তার ভাঁজের কোন পরিবর্তন হবে কি!  কিংবা সেই ইমরান খান যার গাড়িতে ১২টা দিন অতিথি হয়ে আসাম থেকে অরুণাচল আবার অরুণাচল থেকে আসাম ঘুরে এসেছি এই তো সেদিন তার কপালে চিন্তার কয়েকটা ভাঁজ কি এখন পড়বে না! আসলে ধর্ম এখন রঙিন। অথচ যে রঙে শুধু শারীরিক নয় মানসিক ভারসাম্যও ঠিক থাকে সেই রং ধারণকারীরা কি এই সংজ্ঞাটাকেই বদলে দিলেন না! প্রতিবাদ বাক স্বাধীনতারই এক পর্যায় তাই প্রতিবাদ হোক কলম থেকে সেইসব দৃঢ়তাই গড়িয়ে নামুক।  এখন আসুন এসব সাময়িক সরিয়ে ম্যাগাজিনের প্রসঙ্গে আসি। 

আফজলদা আগেই বলে দিয়েছেন যে এবারে বিজ্ঞাপন ছাড়াই প্রচুর লেখা এসেছে এবং অন্যান্যবারের মতই সিলেকশনের মাধ্যমে আমরা নির্বাচিত লেখাগুলোকে ম্যাগাজিনে রেখেছি। এবারের ম্যাগাজিনের ব্লগটা একটু অন্যরকম সাজিয়েছি। আশা করি ভালো লাগবে সব্বার। এই কালাদিনেও ভিন্ন ভিন্ন স্বাদের লেখা আপনাদের একটা অন্যজগতে নিয়ে যাবে এবং আপনারাও কিছুটা তৃপ্তি পাবেন কবিতাগুলো পাঠে একথা বলাই যায়। 

এই সংখ্যাটার মধ্য দিয়েই জিরো বাউন্ডারি কবিতা এক বছরের প্রায় শেষ পর্যায়ে পরের সংখ্যা থেকে দ্বিতীয় বর্ষ শুরু হবে। তাই আগাম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।  

আর একটা কথা না বললেই নয় যে ডাঃ অনুপ বৈরাগীর জিরো বিতানের লেখাটা পেজে তোলার সময় পড়তে গিয়ে প্রায় চোখে জল এসে গেছিল।  খুব ভালো একটি লেখার মধ্য দিয়ে অনুপ থ্যালাসেমিয়া সম্পর্কে কিছু বক্তব্য রেখেছে। সেসব জানতে নিশ্চয় পড়বেন আপনারা বাকি সব লেখার পাশাপাশি। আর হ্যাঁ মতামত জানাতে ভুলবেন না যেন। আপনাদের ভালোলাগা না লাগা দুটোই আমাদের পাথেয়স্বরূপ। যারা পড়বেন বা যারা লিখেছেন বা যারা প্রতিনিয়ত উৎসাহ দিয়ে চলেছেন ও পাশে থেকেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।  

বর্ষার সাথে ডেঙ্গু এখন জড়িয়ে গেছে। তাই সাবধানে থাকুন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। আর বাড়ির চারপাশ নজরে রাখুন। সর্বোপরি নিজেকে ভালোবেসে ভালো থাকুন অপরকেও ভালো রাখুন। 



No comments:

Post a Comment